ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাংবাদিকের পা ভেঙে দেওয়ার অভিযোগ  

বরিশালের গৌরনদী উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও স্থানীয় একটি অনলাইন পোর্টালের প্রতিবেদক মোল্লা ফারুক হাসানকে মারধর করে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতার বিরুদ্ধে। শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে সোয়া ৪টার দিকে নগরের স্কুল রোডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে সাংবাদিক নিজে বাদী হয়ে ৮ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
 
অভিযোগ সূত্রে জানা গেছে, বিজয় দিবসের অনুষ্ঠান অনলাইন পোর্টালে লাইভ প্রচারের সময় গৌরনদী পৌর ছাত্রলীগের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি রাশেদ হাওলাদারের নাম প্রচার না করার জের ধরে শনিবার বিকালে টরকীবন্দর স্কুলে রোডের দোকানে থেকে তাকে তুলে নিয়ে প্রকাশ্যে বেদম মারধর করে। হামলায় তার ডান পা ভেঙে যায়। গুরুতর আহত সাংবাদিক মোল্লা ফারুক হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। তিনি বরিশাল মেট্রো নামে একটি অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক। টরকী বাজারের স্কুলে রোডে স্মার্ট কম্পিউটার সেন্টার নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

Gournadi-002
চিকিৎসাধীন সাংবাদিক মোল্লা ফারুক হাসান জানান, শুক্রবার সকালে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠান বরিশাল মেট্রোর অনলাইনে লাইভ প্রচার করেন তিনি। প্রচারের সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়রসহ সিনিয়র নেতাদের নাম উল্লেখ করেন। ওই লাইভে নিজের নাম প্রচার না করার অজুহাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাশেদ হাওলাদার ও তার সহযোগী শামীম দেওয়ানসহ ৬ থেকে ৮ জন মিলে দোকান থেকে তুলে টেনে হিঁচড়ে স্কুল রোডে নিয়ে বেদম মারধর করে। তার চিৎকারে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এলে আহত ফারুক প্রাণে রক্ষা পায়। হামলায় তার ডান পা ভেঙে যায়। খবর পেয়ে সহকর্মীরা ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এ হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে রোববার সকালে উপজেলা প্রেস ক্লাবে বদিউজ্জামান খান সবুজের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকরা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
 
গৌরনদী উপজেলা ছাত্রলীগ সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া জানান, রাশেদ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি। সাংবাদিক ফারুকের ওপর হামলার ঘটনায় রোববার সকালে তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। খবর পেয়ে তিনি পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলামিন হাওলাদারকে সঙ্গে নিয়ে শনিবার রাতে সাংবাদিক ফারুককে হাসপাতালে দেখতে যান।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।