আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি প্রস্তাবিত বাজেট উন্নয়ন, গণমুখী ও জনবান্ধব হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ‘গ্রাম হবে শহর’ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেশ এগিয়ে যাচ্ছে। বাজেটও প্রণয়ন করা হয়েছে এ লক্ষ্য বাস্তবায়নকে সামনে রেখে। গতকাল রবিবার সিরাজগঞ্জ শহরে তাঁর বাসভবনে সাংবাদিকদের কাছে বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার যে রূপকল্প দিয়েছে, এ বাজেট সেই লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশ কাঙ্খিত লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাবে। তিনি বলেন, যারা অতীতে বাজেট দেওয়ার নামে মানুষকে আরো গরিব করেছে, মানুষকে আরো নিঃস্ব করেছে, সেই দলের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে সেটা ঠিক নয়। বিএনপি ও গণফোরাম বাজেট প্রতিক্রিয়ায় যে বক্তব্য দিয়েছে তা শুধু বিরোধিতার কারণেই বিরোধিতা। তাদের কোনো ইতিবাচক রাজনীতি নেই, ইতিবাচক সিদ্ধান্তও নেই। উন্নতশীল দেশের প্রয়োজনের জন্য যে বাজেট দেওয়া হয়েছে সেই বাজেট নিয়ে তারা অহেতুক সমালোচনা করছে। সরকার দেশের দুর্নীতি দমন ও উন্নয়নের জন্য যে কাজ করছে সেটাকেই সামনে রেখে এই বাজেট দেওয়া হয়েছে। প্রবৃদ্ধির হার উচ্চাকাঙ্ক্ষিত হলেও অতীতের ধারাবাহিকতায় এটা অর্জন হবে। এ বাজেটে মানবসম্পদ উন্নয়ন, পোশাক শিল্প, চামড়া শিল্প খাতে যে প্রণোদনা দেওয়া হয়েছে তা প্রশংসনীয়।