কৃষি কর্মকর্তার বাসা থেকে জামায়াতের ১১ নারী সদস্য আটক

চাঁদপুরের হাজীগঞ্জে অভিযান চালিয়ে কৃষি কর্মকর্তার ভাড়া বাসা থেকে জায়ামাতের ১১ নারী সদস্যকে আটক করা হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারের কিউসি (কাতার-কানাডা) টাওয়ারে ১১ তলার ওই বাসাতে ‘গোপন বৈঠক’ চলাকালে তাদের আটক করে পুলিশ।

এসময় ওই বাসা থেকে জামায়াতের মতাদর্শের বই, প্রচারপত্র, চাঁদা আদায়ের রসিদ বই ও দাওয়াতি কার্ডসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম ও পরিচয় জানা যায়নি।

এবিষয়ে কিউসি টাওয়ারের ‘বি’ ব্লকের স্বত্বাধিকারী মো. সফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বললেও আটকের বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি তিনি।

এদিকে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালাম বাসা থেকে কেটে পড়েন। এছাড়া ফোন নাম্বার না থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, প্রাথমিক তদন্ত চলছে এবং আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে