বিহারে তীব্র গরমে একদিনেই ৪০ জনের মৃত্যু

তীব্র তাপমাত্রায় বিপর্যস্ত ভারতের বিহারের মানুষ। রাজ্যের আওরঙ্গবাদ, গয়া এবং নওদায় শুধু একদিনেই তাপপ্রবাহে মৃতের সংখ্যা ৪০ জনের বেশি। এছাড়া মুজাফফরপুরে এনসেফ্যালোটিসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে।

শনিবার তাপপ্রবাহে আওরঙ্গবাদে ২৭ জন ও গয়ায় ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ছাত্রা, নওদা এবং শেখপুরাতেও একজন করে মানুষ গরমে মারা গেছেন। আওরঙ্গবাদের সরকারি হাসপাতালের চিকিত্সকরা জানিয়েছেন, তাপপ্রবাহে অসুস্থ হয়ে আশঙ্কাজনক অবস্থায় এখনও অনেকে ভর্তি থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মৃতদের পরিবার প্রতি চার লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আওরঙ্গবাদের পুলিশ কর্মকর্তা অনুপ কুমার আশ্বাস দিয়েছেন, পরিস্থিতি সামলালে সরকারি হাসপাতালগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। মুজাফ্?ফরপুরে এনসেফ্যালাইটিসে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। রবিবার আরো তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার। ফলে মৃত শিশুদের   সংখ্যা বেড়ে হয়েছে ৮০ জন। এসকেএমসিএইচএ ৬৯ জন এবং কেজরিওয়াল হাসপাতালে ১১ জনের মৃত্যু হয়েছে। তীব্র গরম এবং অত্যধিক আর্দ্রতার ফলেই অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিনড্রোম বা এইএস ভাইরাসের ব্যাপক সংক্রমণ বলে জানিয়েছেন চিকিত্সকরা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষে শরীরে শর্করার পরিমাণ অত্যন্ত কমে যাওয়াকেও কারণ হিসেবে জানানো হয়েছে। -এনডিটিভি ও আজকাল পত্রিকা