বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের অপরাধে ৩ জনের কারাদণ্ড 

বরিশালের বাকেরগঞ্জের শতরাজ বাজার এলাকায় পান্ডব নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অপরাধে তিন জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে তাদেরকে এক মাস বিনাশ্রমে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পটুয়াখালীর বাউফলের আ. রাজ্জাক হাওলাদারে ছেলে শামিম হাওলাদার (৩২), একই জেলার দুমকী এলাকার ইসলাম খানের ছেলে কাওছার খান (২৯) এবং সদর উপজেলার শহিদুল ইসলামের ছেলে সোহেল (২৬)।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উপজেলা প্রশাসন অবৈধ বালু উত্তোলনকারীদের কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর। তাছাড়া উপজেলার সব জায়গায় যোগাযোগও সহজ নয় তদুপরিও উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের নির্দেশনায় খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জেল জরিমানা ও বালু উত্তোলনের যাবতীয় সরঞ্জাম জব্দ করতে হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।