মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মায়েরও মৃত্যু

পাবনা সদর উপজেলার দাপুনিয়ায় মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মায়েরও মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সদরের দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, উপজেলার দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামের আরব আলী বিশ্বাসের স্ত্রী জাহনারা খাতুন (৫২) ও হেমায়েতপুর ইউনিয়নের শামীম আহমেদের স্ত্রী আলেছা খাতুন (৩৫)। তারা সম্পর্কে মা ও মেয়ে। 

দাপুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকাল ১০টার দিকে বসতঘরের তারে কাপড় নেড়ে দিতে গিয়ে ছেঁড়া তারের সঙ্গে লেগে প্রথমে মেয়ে আলেছা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মেয়েকে বাঁচাতে গিয়ে মাও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, ‘তাদের মরদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।’