গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে ময়না বেগম (২৪) নামে এক নারী মারা গেছেন। এবং রুপবানু বেগম (৩৪) নামে অপর এক নারী নিখোঁজ রয়েছেন। গতকাল রবিবার বিকেলে উপজেলার ফজলুপুর ইউনিয়নের উজালডাঙ্গার পূর্বপাশের এলাকায় নৌকা ডুবির এ ঘটনা ঘটে। নিহত ময়না বেগম ওই ইউনিয়নের মানিককোড় চর গ্রামের ফয়জুল মিয়ার স্ত্রী এবং নিখোঁজ রুপবানু বেগম একই গ্রামের মালেক মিয়ার স্ত্রী।
ফজলুপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আমিনুর রহমান জানান, ফুলছড়ির বালাসিঘাট থেকে শ্যালোইঞ্জিন চালিত একটি নৌকা ১০-১২ জন যাত্রী নিয়ে উজালডাঙ্গা মানিককোড় চর এলাকায় যাচ্ছিলো। নৌ পথে নদের উজালডাঙার পূর্বপাশে পৌঁছলে তীব্র স্রোতের সঙ্গে ঢেউয়ের ধাক্কায় নৌকাটির তলা ফেটে গিয়ে ডুবে যায়। এসময় নৌকাটির অন্য যাত্রীরা সাঁতার কেটে তীরে ফিরে আসলেও ময়না বেগম এবং রুপবানু বেগম নিখোঁজ হন। পরে স্থানীয়রা ময়না বেগমের লাশ উদ্ধার করেন। কিন্তু রাত পর্যন্ত রুপবান বেগমের কোন সন্ধান মেলেনি।