ডিজিটাল মার্কেটিংয়ে অসামান্য কৃতিত্ব দেখিয়েছে মিডিয়াকম লিমিটেড। স্বীকৃতি সরূপ বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের (ডিএমএ) ৬ষ্ঠ আসরে জিতেছে ১৩টি অ্যাওয়ার্ড। এ বছরের আগস্টে অনুষ্ঠিত বিজ্ঞাপন শিল্পে দেশের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড প্রোগ্রাম কমওয়ার্ডের আসরেও মিডিয়াকম অর্জন করেছিল দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক অ্যাওয়ার্ড।
মিডিয়াকম লিমিটেড-এর ১৩টি অ্যাওয়ার্ডের মধ্যে রয়েছে বছরের সবচেয়ে দর্শকনন্দিত এবং ব্যবসাসফল চলচ্চিত্র ‘হাওয়া’র কমিউনিকেশন পার্টনার হিসেবে যৌথভাবে অর্জন করা এবারের একমাত্র গ্রাঁ প্রি, দুটি গোল্ড ও দুটি ব্রোঞ্জসহ মোট ৫টি অ্যাওয়ার্ড। এছাড়াও সেনোরা‘র ‘নট জাস্ট আ স্যানিটারি ন্যাপকিন’ ক্যাম্পেইনের জন্য একটি গোল্ড ও তিনটি ব্রোঞ্জ, রাঁধুনী ও জিরোক্যাল-এর জন্য একটি করে সিলভার এবং সেপনিল ও বাংলালিংক-এর টফি’র জন্য একটি করে ব্রোঞ্জ অর্জন করেছে মিডিয়াকম।
মিডিয়াকমের এ সাফল্যে প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব অজয় কুমার কুন্ডু বলেন, ‘বিজ্ঞাপন জগতের অন্যান্য ধারায় সুনাম অর্জনের পাশাপাশি যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল মার্কেটিং-এর জগতেও যে মিডিয়াকম এগিয়ে যাচ্ছে, এ সাফল্য তারই প্রমাণ। আত্মতুষ্টিতে না ভুগে আরও বড় সাফল্য অর্জনের জন্য অনুপ্রেরণা যোগাবে এই স্বীকৃতি’।
শনিবার (১৭ ডিসেম্বর) ঢাকার একটি অভিজাত হোটেলের গ্র্যান্ড বলরুমে দেশের ডিজিটাল মার্কেটিং জগতের সবচেয়ে সম্মানজনক এ অ্যাওয়ার্ডে ২১টি ক্যাটাগরি’তে, ১,০০০টিরও বেশি নমিনেশনের মধ্য থেকে গ্রাঁ প্রি, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, এই ৪টি র্যাংকে মোট ১২৪টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।