ফেনীর সোনাগাজী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতারের খবরে সন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের মা শিরিন আক্তার ও বাবা মাওলানা মোহাম্মদ মূসা। তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় শিরিন আক্তার বলেছেন, ‘(ওসি) মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতারে আমরা সন্তুষ্ট। আমি চাই, তিনি যতটুকু অপরাধ করেছেন, তার সে পরিমাণ শাস্তি হোক। নুসরাতের ভিডিও ধারণ ও বিভিন্ন মাধ্যমে প্রচারসহ নানা অপপ্রচারের সঙ্গে আরো কেউ যদি জড়িত থাকে তাদেরও আইনের আওতায় এনে দ্রুত মামলার বিচার করা হোক।’
শিরিন আক্তার বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনিও স্বজন হারানোর ব্যথা বোঝেন। নুসরাতকে হারিয়ে আমি যে অসহনীয় কষ্ট ও দুঃখের মধ্য দিয়ে যাচ্ছি, আজকে নুসরাত হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পাশাপাশি ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতারের মধ্য দিয়ে কিছুটা হলেও সেই কষ্ট ভোলার চেষ্টা করতে পারব।’ নুসরাত হত্যা মামলার বাদী মাহমুদুল হাসান নোমান বলেন, ‘আমার বোন তার প্রতি করা অন্যায়ের প্রতিবাদ করতে সেই দিন থানায় গিয়েছিল মাকে সঙ্গে নিয়ে। সেই দিন একজন নারী যৌন হয়রানির শিকার হয়ে সোনাগাজী থানায় লিখিত অভিযোগ দিতে গিয়ে আরেকবার পুলিশের হাতে নির্যাতিত হয়, যা দেশবাসী দেখেছে। ব্যারিস্টার সুমন (মামলার আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন) এই মামলা করে আমাদের পাশে দাঁড়িয়েছেন। ওসি মোয়াজ্জেমকে তিনি এই মামলায় আসামি করায় আজকে তিনি গ্রেফতার হলেন। আমরা ন্যায়বিচার পাচ্ছি।’
নুসরাতের মা বলেন, ‘সরকার ন্যায়বিচারের জন্য কাজ করছে। আজকে নুসরাতের আত্মা শান্তি পাবে। আমরা খুশি হয়েছি, তবে শান্তি পাবো তখন, যখন আদালতে ন্যায়বিচার পাবো।’ গতকাল রবিবার রাজধানীর শাহবাগ থেকে পরোয়ানা জারির ২০ দিন পর গ্রেফতার হন ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম।