৩৬ বছরের অপেক্ষার প্রহর পেরিয়ে বিশ্বজয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। পরম আরাধ্য সেই বিশ্বকাপের শিরোপা সঙ্গে করে দেসে ফিরেছে লিওনেল মেসিরা। দেশের মানুষের কাছ থেকে পেয়েছে উষ্ণ অভ্যর্থনা। এদিকে, এরই মধ্যে বিশ্বজয় উপলক্ষ্যে আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ পৃথক পৃথক বার্তায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বকাপ জয় উপলক্ষ্যে।
কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র থাকার পর ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের প্রয়োজন হয়। সেখানে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা লাভ করে লিওনেল মেসির আর্জেন্টিনা।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার টুইটারে লিখেছেন, ‘কঠিন প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে প্রত্যাশিতভাবেই বিশ্বকাপের শিরোপা জয় করায় আলবার্তো আপনাকে এবং আপনার আর্জেন্টিনর জনগনকে অভিনন্দন জানাচ্ছি। ’
আলবার্তোর শিরোপা জয় উদযাপনের একটি ভিডিওসহ ওই টুইটবার্তায় মেসিরও প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট।
ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ টুইটারে তার অভিনন্দন বার্তায় বলেন, ‘বিশ্বকাপে দারুন লড়াই এবং উন্নতির জন্য ফ্রান্স দলকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জাতি এবং বিশ্বব্যাপী সমর্থকদের রোমঞ্চিত করেছেন। শিরোপা জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি আর্জেন্টিনাকে।’
এদিকে এক টুইট বার্তায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয় জানায়, বিশ্বকাপ শিরোপা জয় করায় রুশ প্রেসিডিন্টে ভ্লাদিমির পুতিন টেলিফোনে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে অভিনন্দন জানিয়েছেন।’
টুইট বার্তার মাধ্যমে টেলিফোনের বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজ। সেই সঙ্গে পুতিনকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।