২০ জানুয়ারি শিশুদের জন্য আসছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

পরীমণি ও সিয়াম আহমেদ জুটির নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। নির্মাতা আবু রায়হান জুয়েল পরিচালিত প্রথম সিনেমাটি শিক্ষাবিদ-সায়েন্স ফিকশন লেখক ও খ্যাতিমান শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত হয়েছে। ২৫ অক্টোবর মুক্তি পেয়েছিলো সিনেমার প্রথম গান। এবার জানা গেলো সিনেমাটি মুক্তির তারিখ। সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে আগামী ২০ জানুয়ারি।

সিনেমাটি মুক্তি উপলক্ষে ২০ ডিসেম্বর রাজধানীর বেইলী রোডে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সিনেমার পোস্টার উন্মোচন ও মুক্তির তারিখ জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, খ্যাতিমান শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, পরীমণি, সিয়ামসহ সিনেমার কলাকুশলীরা ।

ছবি: সংগৃহীত

মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে সিনেমাটি নির্মিত। এর চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন।

সিনেমাটির জন্য প্রথমবারের জন্য গান লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। সে বিষয়ের উল্লেখ করে লেখক বলেন, ‘আমরা লিখি। কিন্তু সিনেমায় সেটা দেখানো অনেক কঠিন। গানটা যখন লিখি, তখন জানতাম না এতো ভালো হবে। গানটার দৃশ্য ধারণ হওয়ার পর আমাকে দেখাতে নিয়ে এসেছিলেন পরিচালক। আমার নাতি দেখে খুব পছন্দ করেছে। তখন বুঝলাম ভালোই হয়েছে গানটা।’

ছবি: সংগৃহীত

সিনেমায় সিয়াম অভিনয় করছেন রাতুল চরিত্রে। তিনি বলেন, ‘করোনা থেকে অনেকেই যেমন ফিরে এসেছে, তেমনি সিনেমাটাও ফিরেছে। রাতুল চরিত্রটা আমার অনেক আগে থেকে জানা। সেই চরিত্রটা করতে পারব, এটা কোনোদিন ভাবিনি। সেটাই হলো এবং এটা স্বপ্ন পূরণের মতো। আমি সিয়াম আহমেদ হয়ে গিয়ে ছিলাম, শিশুরা আমাকে রাতুল ভাইয়া করে ঢাকায় পাঠিয়েছ।’

পরীমণি অভিনয় করেছেন তিশা চরিত্রে। তিনি বলেন, ‘আমার ছেলেকে নিয়ে এসেছি অনুষ্ঠানে। সিনেমাটাও দেখব। ও যখন বড় হবে, তখন দেখাব যে তোমার জন্য একটি উপহার এই সিনেমা। করোনার সময় মনে হয়েছিল, সিনেমাটা শেষ পর্যন্ত আসবে কিনা। এখন সিনেমাটা মুক্তি পাচ্ছে, সেটাই বড় পাওয়া।’