বিয়ের বর্ষপূর্তিতে পা রাখলেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। বছর ঘুরলেও প্রেমে বুদ হয়ে থাকা এই জুটির গায়ে এখনও নতুন বিয়ের সুবাস মুছে যায়নি।
৯ ডিসেম্বর বিয়ের এক বছর পূর্ণ হলো এই জুটির। বিবাহ বার্ষিকীতে জীবনসঙ্গিনীকে বুকে জড়িয়ে ছবি দিয়েছেন অভিনেতা, সঙ্গে জুড়ে দিয়েছেন আবেগঘন কিছু শব্দ। স্ত্রীকে উদ্দেশে লিখেছেন, ‘সময় বয়ে যায়। কিন্তু তোমার সঙ্গে সময় কাটানো জাদুর দুনিয়ায় থাকার মতো। আমাদের প্রথম বিবাহবার্ষিকী শুভ হোক। তোমাকে কত ভালবাসি, ভাবতেও পারবে না!’
নায়িকার সামাজিক যোগাযোগমাধ্যমেও শোভা পাচ্ছে তাদের হাসি মাখা বিয়ের ছবি।
ভিকি বহু সাক্ষাৎকারেই জানিয়েছেন, ক্যাটরিনার মতো মানুষ হয় না। তিনি এসে জীবন বদলে দিয়েছেন অভিনেতার। ক্যাটরিনাও ভিকি কৌশলকে পেয়ে সুখী বলে ব্যক্ত করেছেন। তবে এই অন্যতম আলোচিত বিয়েতে মিয়া-বিবিতো খুশি, কিন্তু বিয়ের কথা শুনে প্রথমবার পরিবারে লোকজনদের কি প্রতিক্রিয়া ছিল? তেমনটাই জানালেন অভিনেতা।
সদ্য ভিকির ‘গোবিন্দ নাম মেরা’ সিনেমাটি মুক্তি পেয়েছে ওটিটিতে। সিনেমার প্রচারে এসে ক্যাটরিনা কাইফকে বিয়ে করতে চায় শুনে কী প্রতিক্রিয়া দিয়েছিলেন অভিনেতার বাবা-মা জানালেন সে কথা।
ক্যটরিনার সঙ্গে বিয়ের পরিকল্পনার কথা শুনে আপত্তি জানাননি বীণা দেবী ও শ্যাম কৌশল। ভিকি বলেন, ‘ওরা ভীষণ খুশি হয়েছিল। মানুষ হিসাবে ক্যাটরিনাকে খুবই ভালবাসেন বাবা-মা।’ সঙ্গে ভিকি জুড়ে দেন পত্নীর প্রসংশাও, ‘ও সব সময় বলে, যদি তুমি কোনও মানুষকে ভাল কিছু বলতে না পারো, তা হলে অন্তত চুপ করে থাকো। ক্যাটরিনা যেমন বিচক্ষণ, তেমনই বড় মনের মানুষ। নিজের চারপাশের মানুষজনকে সম্মান দিতে জানে।’