ডামুড্যায় জরাজীর্ণ ব্রিজে ঝুঁকিপূর্ণ পারাপার

ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের গঙ্গেশকাটি খালের ওপরে জরাজীর্ণ ব্রিজটি নতুন করে নির্মাণের দাবি এলাকাবাসী দীর্ঘদিনের। জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার হচ্ছে দুই গ্রামের মানুষ। সাত-আট বছর ধরে এই ব্রিজ পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়, কোনো রকম ব্রিজের ওপরে জোড়াতালি দিয়ে চলতে হচ্ছে। 

পথচারীরা জানান, শরীয়তপুর তথা রাজধানীর ঢাকার সঙ্গে যোগাযোগের সহজ রাস্তা হচ্ছে ইসলামপুর-ধানকাটি রোড। গুরুত্বপূর্ণ এই সড়কের আশপাশে বহু শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য উপকেন্দ্র, কমিনিউটি ক্লিনিক, হাটবাজারসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। শরীয়তপুর জেলাসহ বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করছে।গঙ্গেশকাটি খালের ওপরে জরাজীর্ণ ব্রিজটি নতুন করে নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। 

এ প্রসঙ্গে উপজেলা এলজিইডির প্রকৌশলী আবু নাঈম নাবিল বলেন, ব্রিজটির প্রাক্কলন এমএসআরডিপি প্রকল্পে প্রেরণ করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে কাজ শুরু হবে।