গাজীপুর সদর উপজেলা নির্বাচন

প্রচারণার শেষদিনে প্রার্থীদের ব্যস্ত সময় পার

গাজীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামীকাল মঙ্গলবার। প্রচারণার শেষদিনে রবিবার প্রার্থীরা ব্যস্ত সময় কাটিয়েছেন। এবার উপজেলায় ৫০টি ভোটকেন্দ্রের সবকয়টিতে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। ইসি নির্দেশ অনুযায়ী ভোটের ৩২ ঘন্টা আগে সব ধরণের প্রচার-প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সে হিসেবে রবিবার মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা।

এবার গাজীপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এডভোকেট রীনা পারভীন, বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মো: ইজাদুর রহমান চৌধুরী (ঘোড়া প্রতীক) এবং আতিকুজ্জামান মোহাম্মদ (মোটর সাইকেল)। মূলত: এডভোকেট রীনা পারভীন ও মো: ইজাদুর রহমান চৌধুরীর মধ্যে জোর নির্বাচনী লড়াই হবে। এ ক্ষেত্রে যে প্রার্থী যতবেশী সাধারণ ভোটার ভোটকেন্দ্রে নিয়ে আসতে পারবেন তার জয়লাভের সম্ভাবনা বেশী বলে ভোটাররা অভিমত ব্যক্ত করেছেন।

নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে রবিবার আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এডভোকেট রীনা পারভীন তার কর্মী-সমর্থকদের নিয়ে দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন। তিনি মির্জাপুর, ভাওয়াগড় ও পিরুজালী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। এসময় পথসভায় শ্রীপুর পৌরসভার চেয়ারম্যান মো: আনিছুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পিরুজালী ইউপি চেয়ারম্যান সাইফুল্লাহ সরকার মঞ্জু, আওয়ামী লীগ নেতা এডভোকেট আবু বকর সিদ্দিক, আমির হামজা, জহিরুল ইসলাম খান, মিজানুর রহমান মাস্টার, আমিন উদ্দিন শেখ, আমির হোসেন আমু প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে চেয়ারম্যান পদে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মো: ইজাদুর রহমান চৌধুরী প্রচারণার শেষ দিনে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা না চালালেও ঘরোয়াভাবে নেতা-কর্মীদের সাথে বৈঠক করেছেন।