নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে গাছ থেকে জাম পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়ে জামাতা শফিকুল ইসলামের (৩৫) মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী কলাপাড়া গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা যায়, বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের নুরুল হাজীর ছেলে সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে আসা শফিকুল (৩৫) তার শ্বশুরবাড়ি বিশনন্দী কলাপাড়া গ্রামের জহিরের বাড়িতে সস্ত্রীক বেড়াতে যান। একপর্যায়ে জাম পাড়তে তিনি গাছে ওঠেন। হঠাত্ গাছের ডাল ভেঙে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক শফিককে মৃত ঘোষণা করেন।
মাদকের টাকার জন্য মাকে পিটিয়ে জখম
আড়াইহাজারে মাদকের টাকার জন্য মাকে পিটিয়ে জখম করেছে ছেলে শাহাবুল হোসেন (২৫)। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার দুপ্তারা খানপাড়া গ্রামে। এ ব্যাপারে আহত মা রাহিমা (৬০) বাদী হয়ে আড়াইহাজার থানায় গতকাল একটি লিখিত অভিযোগ করেছেন। পুলিশ জানায়, দুপ্তারা খানপাড়া গ্রামের আমির হোসেনের মাদকাসক্ত ছেলে শাহাবুল হোসেন প্রায়ই মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর করে। শনিবার রাতে মাদক কেনার জন্য মায়ের কাছে টাকা চায় শাহাবুল। টাকা দিতে অস্বীকৃতি জানালে মাকে পিটিয়ে জখম করে পাষণ্ড সন্তান শাহাবুল। রবিবার সকালে আহত স্ত্রীকে সঙ্গে নিয়ে শাহাবুলের বাবা আমির হোসেন আড়াইহাজার থানায় যান এবং দুজনে মিলে ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন।