সড়কে পড়ে থাকা সেই শিশু খুঁজে পেলো নতুন ঠিকানা

মাদারীপুর পৌরসভা অফিস সংলগ্ন বটতলা এলাকার সড়কের পাশে ময়লার স্তূপ থেকে উদ্ধার হওয়া নবজাতক খুঁজে পেলো নতুন ঠিকানা। 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে মাদারীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে সাত লাখ টাকা শিশুর নামে ব্যাংক জামানতের মাধ্যমে রাজবাড়ীর সরকারি চাকুরীজীবী নিঃসন্তান দম্পতিকে আদালতের মাধ্যমে দত্তক দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ময়লার স্তূপ থেকে উদ্ধার নবজাতকটি দত্তক নিতে গত তিন দিন ধরে আগ্রহী দম্পতিরা ভিড় করতে থাকেন। সবশেষ বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত আদালতে ১৯ জন দম্পতির আবেদন জমা পড়ে। তিন ঘণ্টা ধরে চলে শুনানি। এদিন জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ এজলাসে শুনানি নেন আবেদনকারীদের। প্রথম পর্যায়ে ১৫ জন বাদ পড়লে বাকি ৪ জনের যোগ্যতা অনুসারে আবারও চলে শুনানি। পরে ৭ লাখ টাকা ফেরতযোগ্য জামানতে মরিয়ম আক্তার ও আজিবর হাওলাদার নিঃসন্তান দম্পতিকে নবজাতকটিকে দত্তক দেন আদালত। 

দত্তক পাওয়া দম্পতির আইনজীবী রুবিনা আক্তার বলেন, আজিবর ও মরিয়ম দুজনই সরকারি চাকরিজীবী ও উচ্চশিক্ষিত। এ দম্পতি রাজবাড়ীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত। অন্য আরও যারা আবেদন করেছেন তারাও যোগ্য ছিলেন।

তিনি আরও বলেন, পরিচয়হীন শিশুটি নতুন ঠিকানা পাওয়ায় আমরা সবাই খুশি। সাতদিনের মাথায় নবজাতকের নামকরণ করা হবে। আর এখন থেকে পুরো দায়িত্ব পালন করবেন মরিয়ম-আবিজব দম্পতি।

মরিয়ম বলেন, আমাদের কোনো সন্তান নেই। আদালতের সিদ্ধান্ত মতে আমরা মেয়েটিকে ইসলামিক দৃষ্টিকোণে মানুষ করে তুলবো। আমাদের স্বামী-স্ত্রী দুজনের যা সম্পতি আছে, সবকিছুই এ মেয়ের নামে লিখে দেবো।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নুরুল ইসলাম বলেন, শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ। আদালতের রায় আসার পরপরই তাকে ওই পরিবারের কাছে তুলে দেয়া হয়।