সাভারে লুত্ফর রহমান (৪০) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
লুত্ফর রহমান কুড়িগ্রামের রাজহাট থানাধীন সরকার পাড়া এলাকার আফাজ উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়ার মীরবাগ এলাকায় দীর্ঘদিন ভাড়া থেকে ভ্যান চালাতেন।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো রবিবার সকালে ভ্যান চালাতে যায় লুত্ফর। তার স্ত্রীও পোশাক কারখানায় চলে যান। দুপুরের দিকে তার ছেলে মাদ্রাসা থেকে বাসায় ফিরে তার বাবাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তার চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। লুত্ফর আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।