মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলায় কয়েকটি ইটভাটায় উচ্ছেদ অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা করেছে মালিকপক্ষ। এতে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালকসহ অন্তত ছয় জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা একটি গাড়ি ভাঙচুর করেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে। হামলায় আহতরা হলেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. সাইফুল ইসলাম, কম্পিউটার অপারেটর কাজী আবু আবদুল্লাহ, মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহতাব উদ্দিন, সদস্য মনিরুজ্জামন, জাহিদুল ইসলাম, এক্সকাভেটরের চালক মো. রায়হান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক জানান, ঢাকার পরিবেশ অধিদপ্তরের নির্দেশে দুপুর ১টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলায় জেএসবি নামে একটি ইটভাটায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ইটভাটা ভেঙে ফেলতে গেলে শতাধিক শ্রমিক ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালান। হামলায় পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক সাইফুল ইসলামের মাথায় ইটের আঘাত লাগে। জেলা পুলিশ থেকে একদল সদস্য গিয়ে তাদের উদ্ধার করে। এরপর পাঁচখোলা এলাকার জেএসবি ব্রিকস-৩, এআরজি ব্রিকস, খান ব্রিকস-৩, এএসবি ব্রিকস, জেএসবি ব্রিকস-২, আনোয়ার খান ব্রিকসে অভিযান চালিয়ে প্রত্যেককে আড়াই লাখ টাকা ও আমেনা ব্রিকসকে দেড় লাখ টাকাসহ মোট সাড়ে ১৬ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়। নওরীন হক আরও বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।