ময়লার স্তুপ থেকে উদ্ধার হওয়া নবজাতক পেলো নতুন ঠিকানা

মাদারীপুরে ময়লার স্তুপ থেকে উদ্ধার হওয়া নবজাতক নতুন ঠিকানা পেয়েছে। সাত লাখ টাকা অফেরতযোগ্য বন্ডে রাজবাড়ীর সরকারি চাকুরীজীবী নিঃসন্তান দম্পতিকে আদালতের মাধ্যমে দত্তক দেওয়া হয় নবজাতককে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মাদারীপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে এ রায় ঘোষণা করা হয়।

আদালত সূত্র জানায়, ময়লারস্তূপ থেকে উদ্ধার নবজাতকটি দত্তক নিতে গত তিন দিন ধরে আগ্রহী দম্পতিরা ভিড় করতে থাকেন।  বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত আদালতে ১৯ জন দম্পতির আবেদন জমা পড়ে। তিন ঘণ্টা ধরে চলে শুনানি। এদিন জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ এজলাসে শুনানি নেন আবেদনকারীদের। প্রথম পর্যায়ে ১৫ জন বাদ পড়লে বাকি চার জনের যোগ্যতা অনুসারে আবারও শুনানি চলে। পরে সাত লাখ টাকা ফেরতযোগ্য জামানতে মরিয়ম আক্তার ও আজিবর হাওলাদার নিঃসন্তান দম্পতিকে নবজাতকটিকে দত্তক দেন আদালত। 

দত্তক পাওয়া দম্পতির আইনজীবী রুবিনা আক্তার বলেন, পরিচয়হীন শিশুটি নতুন ঠিকানা পাওয়ায় আমরা সবাই খুশি। সাতদিনের মাথায় নবজাতকের নামকরণ করা হবে। আর এখন থেকে পুরো দায়িত্ব পালন করবেন রাজবাড়ীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত মরিয়ম-আবিজব দম্পতি।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নুরুল ইসলাম বলেন, শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ। আদালতের রায় আসার পরপরই তাকে ওই পরিবারের কাছে তুলে দেওয়া হবে।