পাকিস্তানের রাজধানীতে আত্মঘাতী বিস্ফোরণে ১ পুলিশ নিহত

আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছে পাকিস্তানের ইসলামাবাদ। শুক্রবার (২৩ ডিসেম্বর) একটি মার্কেটের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

ডেপুটি ইনস্পেক্টর জেনারেল সোহেল জাফর চট্টা জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে ইসলামাবাদের আই-১০/৪ এলাকায় একটি গাড়িতে করে একজন পুরুষ ও একজন নারী আসেন। সন্দেহ হওয়ায় পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। 

তল্লাশির সময় লোকটি গাড়িতে প্রবেশ করে। এরপর আত্মঘাতী হামলা ঘটে। এলাকার চারদিকে নিরাপত্তা বারিয়ে দেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত পুলিশ সদস্যের নাম আদিল হোসেন। তিনি হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে জঙ্গিরা পুলিশকে টার্গেট করছে। ইসলামাবাদ পুলিশ টুইটারে একথা জানিয়েছে।

বিস্ফোরণের কারণে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। বাসিন্দাদের বিস্ফোরণের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। হামলার নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো জারদারি।