পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান ফের বিয়ে করেছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানি অভিনেতা ও মডেল মির্জা বিলালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। খবর জিও নিউজের।
ইমরানের সাবেক স্ত্রী-ই নিজের বিয়ের খবর টুইটারে পোস্ট করে নিশ্চিত করেছেন। টুইটারে তিনি লিখেছেন, পরিবারের আশীর্বাদ ও আমার ছেলের উপস্থিতিতে সিয়াটলে সুন্দরভাবে মির্জা বিলালের সঙ্গে আমার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিয়েতে আমার উকিল ছিল আমার ছেলে।
পোস্টের সঙ্গে একটি ছবিও জুড়ে দিয়েছেন। ইনস্টাগ্রামে দেওয়া একটি ছবিতে রেহাম ও বিলালকে একে অন্যের হাত ধরে রাখতে দেখা গেছে। সেখানে তুলে ধরা হয়েছে বিয়ের আংটিও।
২০১৪ সালে ব্রিটিশ-পাকিস্তানি সাংবাদিক রেহাম খান (৪৯) ইমরান খানকে বিয়ে করেন। তবে তাদের দাম্পত্য জীবন ১০ মাসের বেশি টেকেনি।এর আগে ১৯৯৩ সালে রেহাম মনোরোগ বিশেষজ্ঞ ইজাজ রেহমানকে বিয়ে করেছিলেন। ২০০৫ সালে এই দম্পতির বিচ্ছেদ হয়। প্রথম সংসারে রেহামের তিন সন্তান রয়েছেন, সবাই যুক্তরাজ্যে থাকেন। এবারের বিয়ে নিয়ে রেহামের তৃতীয় বিয়ে হলো।
জিও নিউজ বলছে, করপোরেট পেশাজীবী বিলাল একজন সাবেক মডেল ও অভিনেতা। তিনি ‘দ্য ফোর মেন শো’, ‘দিল পেই মুট লে ইয়ার’ এবং ‘ন্যাশনাল অ্যালিয়েন ব্রডকাস্ট’–এ অভিনয় করেছেন ।