আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিশ্বস্ত ঠিকানা হোক শেখ হাসিনা। আগুন সন্ত্রাসকে রুখতে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, গত ৪৭ বছরের মধ্যে শেখ হাসিনা সবচেয়ে সাহসী, জনপ্রিয়, দক্ষ প্রশাসক ও কূটনীতিক। তিনি সংকট মোকাবিলার ম্যানেজার। রাত জেগে সারাদিন তিনি দেশের মানুষের জন্য কাজ করেন।
তিনি বলেন, ৩ নভেম্বরের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান, ২১ আগস্টের মাস্টারমাইন্ড তারেক রহমান। বিএনপি ১০ তারিখে পারেনি। ৩০ তারিখে পারলে ঘোড়ার ডিম পারবে। আওয়ামী লীগ প্রস্তুত।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে, ভোটচুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, ভুয়া ভোটারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, অর্থপাচার বিরুদ্ধে খেলা হবে।
এর আগে, সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ২২তম সম্মেলনের উদ্বোধন করেন। এ সময়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি সব সাংগঠনিক জেলার সভাপতি জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করেন। উদ্বোধনকালে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো হয়। এর পর পরই সম্মেলনের থিম সং পরিবেশন করা হয়।