ভালোবাসার ইত্তেফাককে শুভেচ্ছা

তারকাদের মাঝে কয়েক প্রজন্ম ধরেই ইত্তেফাক রয়েছে ভালোলাগা আর ভালোবাসার নাম হয়ে। ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে তারই অভিব্যক্তি যেন ফুটে উঠল, যখন একটু স্মৃতির কথা শুনতে চাইলাম। সেইসব স্মৃতি থেকেই ছোট ছোট শুভেচ্ছাবার্তা দিলেন বরেণ্য, গুণী ও জনপ্রিয় শিল্পীরা—

৩টি ঘটনার কাছে আমি ঋণী: ফরিদুর রেজা সাগর
ইত্তেফাক আমার ভীষণ আবেগের একটা জায়গা। ইত্তেফাকের কচি কাঁচার আসরে আমি ফরম পুরণ করে পাঠিয়েছিলাম সদস্য হওয়ার জন্য। এরপর কচি কাঁচার সদস্য হিসেবে আমার প্রথম কোনো পত্রিকায় নাম ছাপা হয়। মনে পড়ে বারবার পত্রিকা খুলে নিজের নামটি দেখছিলাম। এছাড়া আমার জীবনের প্রথম লেখাটিও ইত্তেফাকেই ছাপা হয়। কোনো একটি দেশ ঘুরে আসার পর ইত্তেফাকে আমার সেই ভ্রমণগদ্যই ছিল প্রথম কোনো লেখা। এর বাইরে আরো একটি কারণে ইত্তেফাক আমার কাছে বিশেষ। তা হলো, বিটিভির ছোটদের অনুষ্ঠান নিয়ে একটি আলোচনা সমালোচনা বিভাগে নিয়মিত আমি লিখতাম ‘সাগর’ নামে। দীর্ঘদিন এই লেখাটি লিখে আমি দশর্ক-নির্মাতা-কলাকুশলীদের কাছেও একটা কৌতুহলের জায়গা তৈরি করেছিলাম। বলা যায় জীবনে প্রথম জনপরিচিতির অনুভবটাও আমাকে ইত্তেফাকই দেয়। লেখালেখির শুরুর জীবনের এই ৩টি ঘটনা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে।

ইত্তেফাক আমাদের সাংস্কৃতিক দলিল: হানিফ সংকেত
দৈনিক ইত্তেফাক আমাদের সংস্কৃতি জগত্ ও মুক্তিযুদ্ধের একটি আর্কাইভ। ইত্তেফাক আমাদের সাংস্কৃতিক দলিল। যারা পত্রিকা বা চিঠির যুগের তাদের কাছে তো ইত্তেফাক অনেক স্মৃতিবিজরিত পত্রিকা। গণমাধ্যমের এই চর্চিত সময়েও নিজেদের সম্পাদকীয় নীতি থেকে শুরু করে পত্রিকার বিন্যাস, সবকিছুতে কমিটমেন্ট ধরে রাখছে পত্রিকাটি । যার ওপর পাঠকরা নির্ভর করতে পারে। ইত্তেফাকের আরেকটি বিশেষ দিক হলো, পত্রিকাটি কোনোকিছুতেই অতিরিক্ত বাড়াবাড়ি করে না। সমাজের সত্যিকারের দর্পণ হিসেবে ইত্তেফাক অনন্তকাল বেঁছে থাক। জন্মদিনে এই কামনাই করছি। 

আমার ক্যারিয়ারে ইত্তেফাকের খবর অনেক গুরুত্ব বহন করেছিল: অরুণা বিশ্বাস
ইত্তেফাকের সঙ্গে আমার পারিবারিক যে শখ্য ছিল সেটা চলচ্চিত্র ক্যারিয়ার শুরুর পর কয়েকগুণ বেড়ে গেছে। আমি এখনও খবরের জন্য ইত্তেফাকের দিকে তাকিয়ে থাকি। কারণ ইত্তেফাকই বস্তুনিষ্ঠ সংবাদের মূল ভরসা। শুরু থেকেই অন্যান্য খবরের পাশাপাশি বিনোদন পাতার প্রতি আমার একটু বেশি ঝোঁক রয়েছে। কারণ এই পাতাটিতে সবাইকে সমান গুরুত্ব দিয়ে সংবাদ ছাপা হয়। আমিও ক্যারিয়ারের শুরু থেকেই ইত্তেফাককে পাশে পেয়েছি। আমার ক্যারিয়ারে ইত্তেফাকের খবর অনেক গুরুত্ব বহন করেছিল। এভাবেই আজীবন পাশে থাকুক ইত্তেফাক। জন্মদিনে আন্তরিক অভিনন্দন।

ইত্তেফাক হলো আমাদের চলচ্চিত্র সমাজের প্রথম অভিভাবক: শাকিব খান
ইত্তেফাক আমার পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। ছাত্রজীবন ও ক্যারিয়ারের শুরু থেকে এখন অবধি ইত্তেফাক রয়েছে সবার আগে। কারণ ইত্তেফাকের কোনো খবরে কখনও বিভ্রান্ত হইনি। কখনও অভিযোগ করার মতো কোনো ঘটনা ঘটেনি। ইত্তেফাক হলো আমাদের চলচ্চিত্র সমাজের প্রথম অভিভাবক। এক সময় তো পত্রিকা বলতে ইত্তেফাককেই বুঝতাম। সে সময় থেকে এখন পর্যন্ত যেভাবে তারকাদের বা ইন্ডাস্ট্রির পাশে পত্রিকাটি থাকছে সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। পত্রিকাটির জন্মদিনে সকল কলমযোদ্ধাদের প্রতি শুভকামনা।

সুখ-দুঃখে ইত্তেফাক পাশে থেকেছে: মৌসুমী
ইত্তেফাক পরিবারকে আমার অভিনয় জীবনের শুরু থেকেই পাশে পেয়েছি। আমার সুখ-দুঃখে পাশে পেয়েছি—এটা যে কতটা ভালোলাগার বলে বোঝানো যাবে না। ক্যারিয়ারের অগণিত ছবি ও খবর ছাপা হয়েছে ইত্তেফাকে। সেই অর্থে কয়েক প্রজন্মের বিনোদন সাংবাদিকের সঙ্গে শখ্যের গল্প রয়েছে। ইত্তেফাক আমার কাছে একটি দৈনিকের চেয়ে বেশি কিছু। ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা।

ইত্তেফাকে গোটা জীবনের স্মৃতি জমা রয়েছে: চঞ্চল চৌধুরী
আমাদের নাট্যচর্চা বা সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম অভিভাবক দৈনিক ইত্তেফাক। সেদিক দিয়ে আমি ইত্তেফাককে বলি, আমাদের বাঙালির সংস্কৃতির নাম, যে অভ্যাসে আমরা বেড়ে উঠেছি। ছোটবেলা থেকেই এই জাতীয় দৈনিক সম্পর্কে আমি, আমার পরিবার অবগত। আমার অভিনয় জীবনের শুরু থেকেই ইত্তেফাক পরিবারকে পাশে পেয়েছি, এখনও পাশে পাই। বলা যায়, ইত্তেফাকে আমার জীবনে শৈশব-কৈশোর-তারুণ্য থেকে গোটা জীবনের স্মৃতি জমা রয়েছে। ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক অনেক শুভকামনা, অভিনন্দন।