বাজেটে ব্যাংক লুট বন্ধে বাস্তব পদক্ষেপ নেই: বাংলাদেশ জাসদ

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক খাতে লুটপাট বন্ধে বাস্তব কোনো পদক্ষেপের কথা উল্লেখ নেই বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাসদ। দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান শনিবার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি আকারে পাঠানো বাজেট প্রতিক্রিয়ায় একথা বলেন।

বিবৃতিতে বলা হয়, এবারের বাজেটের আকার গত কয়েক বছরের মতো ক্রমবর্ধমান হলেও বিদায়ী বছরের সংশোধিত বাজেটের লক্ষ্য পূরণ না হওয়ার করুণ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। বড় আকারের ঘাটতি এবং আরো বড় দেশি-বিদেশি ঋণের ফাঁদে দেশ আটকে যাচ্ছে। বাজেট বাস্তবায়নের সক্ষমতা বাড়ানো, প্রত্যক্ষ আয়কর বাড়ানো, কর ফাঁকি রোধ, কালো টাকা উদ্ধার ও ব্যাংক খাতে দুর্নীতি-লুটপাট প্রতিরোধ করে ঘাটতি মোকাবিলার কোনো বাস্তব প্রাতিষ্ঠানিক কর্মকৌশল এ বাজেটে নেই।