বয়সের সীমা না রাখা, স্বল্পমেয়াদী কমিটি গঠনসহ তিন দফা প্রস্তাবনার ভিত্তিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের বিলুপ্ত কমিটির একাংশের বিক্ষুব্ধ নেতারা পাঁচ দিন বিরতির পর আবারো আন্দোলন শুরু করেছেন। গতকাল রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তবে কার্যালয়ে তালা ঝুলানো বা কোনো অবাঞ্ছিত কর্মকাণ্ড করেননি। বেলা সাড়ে ১১টায় অবস্থান নিয়ে বেলা সাড়ে ১২টায় কর্মসূচি স্থগিত করেন তারা। আজ আবারো বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
গত ১০ জুন নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিনব্যাপী বিক্ষোভ করেন সংগঠনের বিলুপ্ত কমিটির একাংশের নেতারা। পরে ওইদিন রাতে দাবি পূরণে সাবেক ছাত্রনেতাদের (ছাত্রদলের কমিটি গঠনে বিএনপি গঠিত সার্চ কমিটির সদস্যরা) আশ্বাসের প্রেক্ষিতে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করা হয়। পরবর্তীতে নিজেদের অবস্থান তুলে ধরতে সার্চ কমিটির সদস্যরা ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গেও সাক্ষাত্ করেন আন্দোলনকারীরা। দাবি পূরণে তারাও পুনরায় আশ্বাস দেন আন্দোলনকারীদের।