শরীয়তপুরে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে আহত যুবক মারা গেছে 

শরীয়তপুরের জাজিরায় ককটেল বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ইমরান খালাসি(২৬) মারা গেছেন। ইতিমধ্যে ইমরানের লাশ বাড়িতে এনে মাটি দেওয়া হয়েছে বলে জাজিরা থানা পুলিশ নিশ্চিত করেন। নিহত ইমরান খালাসি উপজেলার সেনেরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সামচু খালাসির ছেলে। 

গত বুধবার (২১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২ টার সময় তার নিজ বাড়িতে ককটেল বোমা তৈরি করতে গেলে সরঞ্জাম বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয় ইমরান খালাসি (২৬) নামের ওই যুবক। ওই ঘটনায় জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আবদুল বাকির বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেন। এতে ইমরান, তার ভাই স্বপন খালাসি, সহযোগী বাচ্চু চৌকিদার ও নুর জামাল সিকদারকে আসামি করা হয়।

স্থানীয়  একাধিক ব্যক্তির কাছে জানা যায়,  শামসু খালাসির ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে ইমরান খালাসি সবার ছোট। গত ৫ বছর আগে বিয়ে করলেও এখনও নেই কোন সন্তান। তবে এরই মধ্যে জড়িয়েছেন স্থানীয় গ্রাম্য রাজনীতিতে। যার ফলে ইতিমধ্যেই তার বিরুদ্ধে মারামারির মামলাও চলমান রয়েছে।

ইমরানের বোন চায়না বেগম বলেন, ‘আমার ভাই স্থানীয় গ্রাম্য রাজনীতির সাথে  জড়িত ছিল। তারা পাশের ইউনিয়নের একটি নির্বাচনে ককটেল সরবরাহ করার জন্য ককটেল বানাইতে ছিলো। পারিবারিকভাবে আমরা বাধা দিয়েছিলাম। কিন্তু ইমরান আমাদের কোনো বাধা মানেনি।’

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান  বলেন, ইমরান খালাসি  ও তাঁর সহযোগীরা এমন কাজ আগেও করেছেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে চারটি মামলা রয়েছে।