আট জেলা প্রশাসক ও এক এসপিকে দুদকের চিঠি

নানা অনিয়ম ও অবহেলা নির্ণয়ে বিস্তারিত অনুসন্ধানে আট জেলার জেলা প্রশাসক (ডিসি) ও এক পুলিশ সুপারকে (এসপি) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই আট জেলা হলো- ঢাকা, পাবনা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গাজীপুর, নোয়াখালী ও কিশোরগঞ্জ। এছাড়া ঢাকা জেলা পুলিশ সুপারের কাছে চিঠি পাঠানো হয়েছে। দুদক অভিযোগ কেন্দ্রে আগত বিআরটিএ, ইউনিয়ন ভূমি অফিস ও জেলা কারাগারের নানাবিধ অনিয়ম খতিয়ে দেখতে এবং বিভিন্ন সময় দুদক এনফোর্সমেন্ট টিমের অভিযানে প্রাপ্ত তথ্য ও সুপারিশের ভিত্তিতে গতকাল রবিবার তাদের কাছে দুদক এসব চিঠি পাঠিয়েছে।

দুদক সূত্র জানায়, মৈনট ঘাটে অবৈধভাবে টোল/চাঁদা আদায় বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ঢাকা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ প্রদান করা হয়েছে। একইভাবে পাবনা জেলার সুজানগর থানায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও সরকারি বিধি মোতাবেক দরপত্র/লিজের মাধ্যমে বালু উত্তোলনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলা প্রশাসককে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়া শরীয়তপুর ও মাদারীপুর জেলার বিভিন্ন গ্রামে পদ্মা রেলওয়ে প্রকল্প সংলগ্ন ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে অবৈধভাবে ক্ষতিপূরণ দাবির প্রচেষ্টা বন্ধে নির্মিত অস্থায়ী স্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট দুই জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। অপরদিকে দুদক অভিযোগ কেন্দ্রে আগত বিআরটিএ, ইউনিয়ন ভূমি অফিস ও জেলা কারাগারের নানাবিধ অনিয়ম খতিয়ে দেখতে ফরিদপুর, গাজীপুর,  নোয়াখালী ও কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসককে চিঠি পাঠানো হয়েছে।