মোহামেডানকে হারাল শেখ রাসেল

শেখ রাসেলের বিপক্ষে মোহামেডান জয়ের সুযোগ পেয়েছিল। সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত গুনতে হয় হার দিয়ে। গতকাল রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ রাসেল ৪-২ গোলে মোহামেডানকে হারিয়ে জয় নিয়ে ফিরেছে।

মোহামেডান লিগের ফিরতি পর্বে জয় দিয়ে শুরু করলেও সেই ধারাবাহিকতা রাখতে পারেনি। গতকাল শেখ রাসেলের কাছে ৪ গোল হজম করে মাথা নিচু করে মাঠ ছাড়তে হলো। শেখ রাসেলের বিপলু আহমেদের দারুণ একটা শট অন্তত ছয় সাত ফুটবলারের সামনে দিয়ে মোহামেডানের জালে ঢুকে ১-০। মোহামেডান সেই গোল ফেরত দিয়েছে ৬ মিনিটে। তকলিস আহমেদ গোল করেন ১-১। আবারও শেখ রাসেল গোল করে। নাইজেরিয়ার আলিসন গোল করেন ২-১।

দ্বিতীয়ার্ধে ইউসুফ সিফাতের দারুণ একটা ক্রসের বল তকলিস কোনাকুনি হেডে গোল করেন ২-২। ডাগআউটে দাঁড়িয়ে শেখ রাসেল কোচ সাইফুল বারী টিটু দুশ্চিন্তায় কাটাচ্ছিলেন। সম্ভাবনা দেখছিলেন মোহামেডান অস্ট্রেলিয়ান কোচ সিনলেন। কিন্তু দ্বিতীয়ার্ধে মোহামেডান নিজেরাই সুযোগ নষ্ট করেছে। সুযোগ হাতছাড়া করেনি শেখ রাসেল। নাইজেরিয়ার রাফায়েল পর পর দুই গোল করে জয়টা নিশ্চিত করেন ৪-২। রাফায়েল সেরা খেলোয়াড় হয়েছেন। মোহামেডানের ১৩ পয়েন্ট ১৬ খেলায়। শেখ রাসেলের ১৫ খেলায় ৩৬ পয়েন্ট।

একই মাঠে অন্য খেলায় চিনেডু ম্যাথিউর গোলে আরামবাগ হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

আজকের খেলা

সাইফ স্পোর্টিং ও ব্রাদার্স; ৪টা, ময়মনসিংহ।

মুক্তিযোদ্ধা ও নোফেল স্পোর্টিং; ৪টা, গোপালগঞ্জ।