চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিবসহ ৮ নেতা আটক

চুয়াডাঙ্গায় গণমিছিল কর্মসূচির প্রস্তুতিকালে জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের আটজন নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে ও আশপাশের এলাকা থেকে এই আটজনকে আটক করা হয়। রোববার তাদের আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

গণমিছিল কর্মসূচির প্রস্তুতিকালে নেতা-কর্মীদের আটক করে পুলিশ। ছবি: ইত্তেফাক

শরীফুজ্জামান শরীফ ছাড়াও আটককৃত অন্যরা হলেন, জেলা বিএনপির সদস্য আবু বকর সিদ্দিক, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আইলহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ মেম্বার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজিব খান, জেলা ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ এবং আহ্বায়ক কমিটির সদস্য আরমান খান।

নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় কর্মসূচির পালন করার প্রস্তুতি চলছিল। ওই কর্মসূচি পণ্ড করতে পুলিশ সদস্যরা দলের নেতাদের সঙ্গে দুর্ব্যবহার করে। পরে তাদেরকে জোরপূর্বক আটক করে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন আটজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৪ ডিসেম্বর সদর থানা পুলিশের দায়ের করা নাশকতা মামলায় সাতজনকে এবং নিবারণমূলক মামলায় একজনকে আটক করা হয়েছে। আটককৃতদের রোববার (২৬ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হবে।