বিদ্যুত্ নেই, অন্ধকারে আর্জেন্টিনা-উরুগুয়ে

আর্জেন্টিনার একটি বিদ্যুত্ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, বড় ধরণের বিদ্যুত্ বিপর্যয়ের মধ্যে পড়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। এমনকি ব্রাজিল ও প্যারাগুয়ের একটি অংশও এই বিদ্যুত্ বিপর্যয়ের মধ্যে পড়েছে বলে খবর পাওয়া গেছে । কারন জানা যায়নি। তবে আর্জেন্টিনার মিডিয়া জানিয়েছে, ইয়াসিক্রিয়েতা নামের একটি পানি বিদ্যুত্ কেন্দ্র থেকে বিদ্যুত্ সরবরাহে সমস্যা হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর বিবিসির

আর্জেন্টিনার গণমাধ্যম জানায়, স্থানীয় সময় সকাল সাতটায় বিদ্যুত্ বিপর্যয় শুরু হলে থমকে পড়ে রেল যোগাযোগ এবং অকার্যকর হয়ে পড়ে সড়কে ট্রাফিক সিগন্যাল সিস্টেম। অথচ দেশটিতে তখন বিভিন্ন অংশে লোকজন স্থানীয় নির্বাচনে ভোট দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বিদ্যুত্ সরবরাহকারী প্রতিষ্ঠান ইদেসুর এক টুইটার বার্তায় বলেছে, ইলেকট্রিকাল ইন্টার কানেকশন সিস্টেমে বড় বিপর্যয়ের কারণে আর্জেন্টিনা ও উরুগুয়ে বিদ্যুত্হীন হয়ে পড়েছে। তবে আর্জেন্টিনার বিদ্যুত্মন্ত্রী গুসটাভো লোপেটেগুই বলেছেন, বিদ্যুত্ বিপর্যয়ের কারণ জানা যায়নি। তিনি বলেন, কিছু এলাকায় বিদ্যুত্ ফিরে আসতে শুরু করেছে, তবে এতে আরও কয়েক ঘন্টা সময় লাগবে বলে জানান তিনি। অন্যদিকে ইদেসুর বলেছে, রাজধানী বুয়েনস আয়ারসের কিছু এলাকায় বিদ্যুত্ ফিরে এসেছে। আর উরুগুয়ের বিদ্যুত্ কোম্পানি ইউটিই টুইট বার্তায় বলেছে, উরুগুয়ের উপকূলীয় এলাকায় বিদ্যুত্ এসেছে। দেশ দুটির মোট জনসংখ্যা ৪ কোটি ৮০ লাখ।