দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে মঙ্গলবার বৃষ্টি হতে পারে

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে আগামী মঙ্গলবার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে এমন তথ্য জানান।

জীবিকার তাগিদে বাইরে আসা অন্য অনেকের মতো এই নারীকেও রিকশা নিয়ে রাস্তায় নামতে হয়েছে। নিজে বৃষ্টিতে ভিজলেও যাত্রীকে ভেজার হাত থেকে বাঁচিয়ে পৌঁছে দিচ্ছেন গন্তব্যে। ছবি: ইয়াসিন কবির জয়

তিনি জানান, নিম্নচাপটি এখন শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি রয়েছে। নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসলে এর প্রভাবে মঙ্গলবার চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা ও সিলেটে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে এতে সারাদেশের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না বলে জানান তিনি।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বর্তমানে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা বিরাজ করছে। গত বছর এ সময়ে রাজশাহী-রংপুরে তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াস থাকলেও এখন ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।

বৃষ্টি উপেক্ষা করে দুরন্ত গতিতে ছুটছেন এই দুই মোটরসাইকেল আরোহী। হয়তো গন্তব্যে কিংবা কর্মস্থলে পৌঁছাবার তাড়া। ছবি: ইয়াসিন কবির জয়

চলতি মাসের শেষের দিকে এ অবস্থার পরিবর্তন হতে পারে, অর্থাৎ তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ নেমে আসতে পারে বলেও জানান তিনি।