নড়াইলে বীড়গ্রামে রোববার (২৫ ডিসেম্বর) রাতে গরু চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশনের পাশের শস্য ক্ষেত এবং দক্ষিণ পার্শ্বের কাড়ার বিল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত আসাদুল শেখ (৩৬) বাগেরহাটের ফকিরহাটের দাড়িয়া বারইডাঙ্গা গ্রামের গফুর শেখের ছেলে। অপর জনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় কলোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশীষ কুমার বিশ্বাস জানান, গত এক মাসের মধ্যে বীড়গ্রামের সুশেন বিশ্বাসের ১টি, উজিরপুর গ্রামের রাম বিশ্বাসের ৫টি গরু চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা। ওই ঘটনার পর থেকে এই দু’গ্রামের লোকজন গরু চোর ধরতে নিয়মিত পাহারা দিত। সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে বীড়গ্রামের রেবো বিশ্বাসের বাড়ি চোরেরা গরু চুরি করতে গেলে বাড়ির মালিক চোর চোর বলে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন সংঘবদ্ধ হয়ে চোরদের ধাওয়া করে। গ্রামবাসীর ধাওয়া খেয়ে চোর দলের ৩-৪ জন পালিয়ে যায়। এ সময় গরু চোর সন্দেহে আসাদুল শেখ ও অজ্ঞাত ব্যক্তিকে ধরে স্থানীয়রা গণপিটুনি দিয়ে নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশনের উত্তর ও দক্ষিণ পার্শ্বে ফেলে রেখে যায়। পরে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নড়াইল সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, বীড়গ্রামে গরু চুরির ঘটনায় এলাকাবাসী গণধোলাই দিয়ে দুজনকে মেরে ফেলেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।