কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ। সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বালুখালী ক্যাম্প-১৮ ইস্টে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোসেন (৪০) ওই ক্যাম্পের মোহাম্মদ শফিকের ছেলে এবং ক্যাম্পের হেড মাঝি ছিলেন।
নিহতের ছোট ভাই নূর হাশেম জানান, সকালে তার ভাই বাড়ির পাশে বসে ছিলেন। হঠাৎ মুখোশপরা দুর্বৃত্তদল এসে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
এএসপি ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় এপিবিএন সদস্যরা। হত্যার সঙ্গে জড়িতদের ধরতে ক্যাম্পের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।