মেসিকে নিয়ে বাজি জিতেছেন আগুয়েরো

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে তিনি ছিলেন না। তবে দলের ছায়াসঙ্গী হয়ে ঠিকই কাতারে ছিলেন। আর্জেন্টিনার ম্যাচ জয়ের পর মাঠে নেমে উদযাপনও করেছেন। ফাইনাল শেষে লিওনেল মেসিদের সঙ্গে উদযাপন করেছেন ট্রফি নিয়েও। তবে দলের ছায়াসঙ্গী হয়ে শুধু জয় উদযাপন নয়, নিজের পকেটও ভারী করেছেন মেসির সাবেক সতীর্থ এবং বন্ধু সার্জিও আগুয়েরো।

বাজি জিতে নিজের পকেটে ঢুকিয়েছেন ৮ লাখ ৬৬ হাজার ৬২০ টাকা! দিয়েগো মারাদোনার সাবেক জামাতা বাজিটা ধরেছিলেন বন্ধু মেসিকে নিয়ে। কী বাজি ধরেছিলেন তিনি? আগুয়েরো বাজি ধরেছিলেন, বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরষ্কার গোল্ডেন বল জিতবেন মেসি। সেটাই হয়েছে। দেশকে তৃতীয় বার বিশ্বকাপ জেতানোর পথে মেসিই সেরা খেলোয়াড় হয়েছেন।

মজার ব্যাপার হলো, দীর্ঘদিন আর্জেন্টিনা দলে মেসির সঙ্গে জুটি বেঁধে খেলা আগুয়েরো মাত্র ১ হাজার ডলার বাজি ধরেছিলেন। জিতেছেন তার ৮.২৫ গুণ বেশি, ৮ হাজার ৩০০ ডলার!