সাংবাদিক আবদুর রহমান খান আর নেই, বাদ যোহর প্রেস ক্লাবে জানাজা

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আবদুর রহমান খান আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ সাংবাদিক। তার বয়স হয়েছিল ৭০ বছর। 

তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে। আবদুর রহমান তিন সন্তানের জনক। তার স্ত্রী লুৎফর নাহার কয়েক বছর আগে মারা গেছেন। 

সাংবাদিক আবদুর রহমান খানের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাদ যোহর জাতীয় প্রেস ক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হবে।

আবদুর রহমান খান বাংলাদেশ টাইমস, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট, সাপ্তাহিক হলিউডেসহ দেশের বিভিন্ন সংবাদপত্রে কৃতিত্বের সঙ্গে সাংবাদিকতা করেছেন। সর্বশেষ তিনি রেডিও তেহরানের ঢাকা ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।