হিলিতে অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে ছুরিকাঘাতে হত্যা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাদের ধাওয়া করে অটোরিকশাটি জব্দ করেছে। সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় উপজেলার জামতলি আদিবাসী মিশন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া।

নিহত মফিজার রহমান (৬০) উপজেলার মুহাড়াপাড়া এলাকার মৃত আজিজার রহমান। 

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া বলেন, সোমবার রাতে হিলি থেকে দুইজন যাত্রী নিয়ে উপজেলার মনসাপুরের দিকে রওনা দেন মফিজার রহমান। পরে তারা পৌরসভার জামতলি মিশন এলাকায় পৌঁছালে অটোতে থাকা যাত্রী দুজন চালককে ছুরিকাঘাত করে অটো নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় অটোরিকশাটি জব্দ করা গেলেও এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ৯৯৯ ফোন পেয়ে পুলিশের একটি টিম ছুরিকাঘাত অবস্থায় চালক মফিজার রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।