মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বাংলায় শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ও জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকার বাংলাদেশের প্রতিনিধি ইচিগুচি তমুহিদে।
সুধী সমাবেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সবাইকে সালাম দিয়ে বাংলায় বলেন, আমি বাংলাদেশে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত। ১০ দিন হলো আমি বাংলাদেশে এসেছি। জাপানের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্ককে আমি আরও গভীর করতে চাই।
রাষ্ট্রদূত বলেন, মেট্রোরেলের এই মুহূর্তটি জাপান-বাংলাদেশ সম্পর্কের জন্য মাহেন্দ্রক্ষণ। দুই দেশের সম্পর্কের মধ্যে এটি নতুন দিগন্তের সূচনা করবে।
জাইকার বাংলাদেশের প্রতিনিধি ইচিগুচি তমুহিদে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বাংলায় বলেন, শুভ সকাল। আমি এখানে এসে খুবই খুশি হয়েছি। বক্তব্য শেষে ইচিগুচি বাংলায় সবাইকে ধন্যবাদ জানান।
এর আগে, বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন। এরপরেই মঞ্চের সামনে থাকা নেতা-কর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।