ইউক্রেন যুদ্ধ, অর্থনৈতিক সংকট আর ইরানের বিদ্রোহে টালমাটাল বিশ্ব 

২০২২ সালে প্রকৃতি যেমন দেখিয়েছে তার বৈরী রূপ, তেমনই ক্ষমতার লড়াইয়ে ও নিজেদের আধিপত্য বিস্তারে মানুষও দেখিয়েছে তার হিংস্রতা। দিন দিন অশান্ত হয়ে উঠছে পৃথিবী। লোভ-লালসা, হিংসা, হানাহানি মানব সভ্যতাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। মানুষ যেনো হয়ে উঠেছে প্রকৃতির শত্রু। চলুন জেনে নিই এ বছরের বিশ্বব্যাপী সবচেয়ে আলোচিত কয়েকটি ঘটনা:

রাজা চার্লসের ব্রিটিশ সিংহাসনে আরোহণ: রানি দ্বিতীয় এলিজাবেথ ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মারা যাওয়ার পর ব্রিটিশ রাজ সিংহাসনে আসিন হন প্রিন্স চার্লস। তার নাম হয় রাজা তৃতীয় চার্লস। ফেব্রুয়ারিতে এলিজাবেথ সিংহাসনে আরোহণের ৭০ বছর বা প্লাটিনাম জুবিলি উদযাপন করেন। ব্রিটিশ রাজন্যবর্গের মধ্যে তিনিই দীর্ঘ সময় সিংহাসনে ছিলেন। এর আগে এই রেকর্ড ছিল রানি ভিক্টোরিয়ার (৬৩ বছর)। ব্রিটেনের রাজা বা রানি গ্রেট ব্রিটেন ছাড়াও কমনওয়েলথভুক্ত ১৪টি দেশের সরকার প্রধানের মর্যাদা ভোগ করেন। অন্যদিকে চার্লসকে সিংহাসনে বসার জন্য সবচেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় (৭৩ বছর)। ২০২৩ সালের ৬ মে ওয়েস্ট মিনস্টর অ্যাবিতে নতুন রাজা চার্লস ও তার স্ত্রী ক্যামিলার আনুষ্ঠানিকভাবে সিংহাসনে অভিষেক ঘটবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ফেব্রুয়ারি ২৪, ২০২২। ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। সীমান্ত পেরিয়ে বাঁধভাঙা জলের মতো ঢুকে পড়ে রুশ ফৌজ। দুই প্রাক্তন সোভিয়েত সদস্যভুক্ত দেশের মধ্যে শুরু হয় প্রবল যুদ্ধ। কিন্তু এখনও কিয়েভ দখল করতে পারেনি রাশিয়া। লড়াইয়ে কয়েক হাজার সেনা ও বিপুল অস্ত্র খুইয়েছে মস্কো। ডনবাস অঞ্চলে চলছে জোর লড়াই। এই যুদ্ধ সংক্ষিপ্ত হবে এ ধারণা ভুল প্রমাণ করে বছরের শেষ পর্যন্ত চলে এই যুদ্ধ। বছরের শেষ দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার হুমকি দেন। বিশ্ব অর্থনীতি করোনায় সংকট কাটিয়ে উঠতে না উঠতেই এ যুদ্ধ শুরু হয়। ফলে অনুন্নত ও উন্নয়ন দেশগুলোতে খাদ্যমূল্য বেড়ে যায়। কারণ ইউক্রেন বিশ্ব অন্যতম গম রপ্তানিকারক দেশ। যুদ্ধ শুরুর প্রথম দিকে খাদ্য রপ্তানি একদম বন্ধ হয়ে পড়েছিল। পরে তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া খাদ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয়।

গুলিবিদ্ধ ইমরান খান: ২০২২ সালে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি সাক্ষী থাকে তুমুল ডামাডোলের। বিরোধীদের প্রবল আক্রমণে এপ্রিল মাসে প্রধানমন্ত্রীর পদ হারান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান। তারপর নভেম্বর মাসে ওয়াজিরাবাদে ইমরানের ‘রিয়েল ফ্রিডম’ মিছিলে হামলা চালায় এক বন্দুকবাজ। গুলিবিদ্ধ হন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। জখম হন তাঁর দলের অন্তত ১৫ জন। নভেদ বশির নামের হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ। হামলার নেপথ্যে পাক সেনার হাত রয়েছে বলেও ইঙ্গিতে বলেন ইমরান খান।

এক বছরে তিন প্রধানমন্ত্রীকে পেয়েছে ব্রিটেন: লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে মদের পার্টি কেলেঙ্কারি, উচ্চ মূল্যস্ফীতিসহ বিভিন্ন ইস্যুতে প্রচণ্ড চাপের মুখে গত জুলাইয়ে পদত্যাগ করতে বাধ্য হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ক্ষমতার পর পদত্যাগে বাধ্য হওয়া প্রধানমন্ত্রী বরিস জনসনের স্থলাভিষিক্ত হন লিজ ট্রাস। শুল্ক হ্রাসের পরিকল্পনা ঘিরে তৈরি হওয়া অস্থিতিশীল পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার মাত্র ৪৯ দিনের মাথায় পদত্যাগ করেন তিনিও। ব্রিটেনের রাজনীতির ইতিহাসে সবচেয়ে ক্ষণস্থায়ী প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন ট্রাস। গত ২৫ অক্টোবর কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাককে যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন রাজা তৃতীয় চার্লস। আর এর মধ্য দিয়ে গত ২০০ বছরের ইতিহাসে ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হন ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিক।

ইরানে হিজাব বিদ্রোহ: ১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশের মারে মৃত্যু হয় ২২ বছরের কুর্দি তরুণী মাহসা আমিনির। ঠিকমতো হিজাব না পড়াই ছিল তার অপরাধ। ওই ঘটনার পর থেকেই দেশজুড়ে চলছে প্রতিবাদী মিছিল। হিজাব বিরোধী সেই আন্দোলনে শামিল পুরুষদের একাংশও। বেকায়দায় পড়লেও কিন্তু অবস্থান বদলে নারাজ ইরানের সরকার। তেহরানের দাবি, এই বিক্ষোভের পিছনে হাত রয়েছে আমেরিকার। প্রতিবাদ দমনে নির্বিচারে বিক্ষোভকারীদের উপর গুলিবোমা চালানো হচ্ছে। দেওয়া হচ্ছে ফাঁসির সাজা।

ইন্দোনেশিয়ার ফুটবল মাঠে পদদলন: ১ অক্টোবর ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের মালাং শহরের কাঞ্জুরুহান স্টেডিয়ামে এক ফুটবল ম্যাচের সমাপ্তি ঘটে ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে। ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে হাজার হাজার সমর্থক মাঠে ঢুকে পড়েন। বেশিরভাগই নিজ দলের হারে হতাশা প্রকাশ করতে মাঠে নামেন। পুলিশের সদস্যরা লাঠিপেটা করে জনতাকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এ সময় মাঠের চারদিক থেকে পানির বোতল, স্টেডিয়ামের চেয়ার ভেঙে পুলিশকে লক্ষ্য করে নিক্ষেপ করতে শুরু করেন দর্শক। দাঙ্গার শঙ্কায় টিয়ার গ্যাস ছুড়ে মাঠ থেকে লোকজনকে বিতাড়িত করার চেষ্টা করে পুলিশ। আতঙ্কিত লোকজনের ছোটাছুটিতে পুরো স্টেডিয়াম জুড়ে বিভৎস পরিস্থিতি তৈরি হয়। রাতের শেষের দিকে পদদলনে মালাংয়ের ওই স্টেডিয়ামে ১৩৩ জনের প্রাণহানি ঘটে।

শিনজো আবের মৃত্যু ও জাপানের কলঙ্কিত দিন: গত ৮ জুলাই জাপানের ইতিহাসের কলঙ্কিত একটি দিন। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর নারার একটি ট্রেন স্টেশনের বাইরে অল্প কিছু মানুষের রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখছিলেন শিনজো আবে। দুপুরের ঠিক আগে সমাবেশে বক্তৃতার সময় ৪০ বছর বয়সী এক বন্দুকধারী শিনজো আবেকে লক্ষ্য করে পেছন থেকে গুলি চালান। প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও নিরাপত্তা রক্ষীরা হামলাকারীকে ধরে ফেলার আগে দ্বিতীয় গুলিতে বিদ্ধ হন জাপানের সাবেক এই প্রধানমন্ত্রী।

শ্রীলঙ্কায় রাজাপক্ষে পরিবারের বিদায়: প্রবল গণ জোয়ারের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজপক্ষ দেশছাড়া হন জুলাইতে। ৯ জুলাই প্রেসিডেন্টের প্রাসাদে সাধারণ জনতা ঢুকে পড়ার দৃশ্যগুলো সামাজিক মাধ্যমে আলোড়ন তোলে। ১৪ জুলাই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন। দুর্নীতি ও অব্যবস্থাপনার ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকটের জেরে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশটিতে গণ বিক্ষোভ শুরু হয়। মাহিন্দ প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর বিক্রমাসিংয়ে ঐ পদে বসেন এবং পরে তিনি প্রেসিডেন্ট হন। এসব কিছুর পরও পার্লামেন্টে রাজাপক্ষেপন্থিরাই সংখ্যাগরিষ্ঠ থেকে যায়। অর্থনৈতিক সংকট থেকেই এ বিক্ষোভের সূচনা। এছাড়া বৈদেশিক মুদ্রার ঘাটতিও ছিল এর আরেকটি কারণ।

উত্তর কোরিয়ার অস্ত্রের ঝনঝনানি: দক্ষিণ কোরিয়ায় নতুন প্রধানমন্ত্রী আসার এ বছর সর্বোচ্চ সংখ্যক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া; এর মধ্যে বেশ কয়েকটি উড়েছে জাপানের ওপর দিয়ে। কয়েকটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রও ছুড়েছে তারা, যেগুলো যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম বলে ভাষ্য বিশ্লেষকদেরও। পিয়ংইয়ংয়ের এমন হুংকারের পাল্টা দিতে ওয়াশিংটন-সিউল-টোকিও’ও নানান প্রস্তুতি নিচ্ছে। মার্কিন ও তার মিত্রদের মহড়ায় এ বছর বিমানবাহী রণতরীও যুক্ত হয়েছিল; মিত্রদের সুরক্ষায় এশিয়ায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র মোতায়েনের ইঙ্গিতও বাড়াচ্ছে শঙ্কা।

ইতিহাসের ভয়াবহ তুষাড় ঝড়: এবারের তুষাড় ঝড় বাফেলোর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক ও ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল। পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল রোববার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, বাফেলোতে আট ফুট (২.৪ মিটার) তুষারপাত হয়েছে। এতে বিদ্যুৎ বিভ্রাট জনজীবনকে হুমকির মুখে ফেলেছে। ২০২২ এর ঝড়ের ভয়াবহতা ১৯৭৭ সালের তুষারঝড়কেও অতিক্রম করেছে, যা ইতিহাসের পাতায় লেখা থাকবে।

তীব্র দাবদাহ ও চীনের খরা: বছরের আগস্ট মাসের মাঝামাঝি থেকে চীনের অর্ধেক অঞ্চলজুড়ে দেখা দেয় তীব্র খরা। এমনকি হিমশীতল এলাকা হিসেবে পরিচিত তিব্বতীয় মালভূমিতেও তীব্র গরম অনুভূত হয়। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন বিজ্ঞানীরাও। জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়াজনিত বিরূপ এই পরিস্থিতি দেখা যাচ্ছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ানের প্রায় ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। কোথাও কোথাও তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ায় একাধিক প্রদেশে শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে সংকট দেখা দেয়। অপর দিকে অনেক শহরে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ–সংকট মোকাবিলায় হিমশিম খায় কর্তৃপক্ষ। বিদ্যুৎ–সংকটের কারণে বেশ কিছু কারখানায় উৎপাদন কার্যক্রমও বন্ধ রাখে দেশটি।