মাত্রাতিরিক্ত পলিথিন ব্যবহারে হুমকির মুখে কৃষি

চাঁদপুরের হাজীগঞ্জে সর্বত্র নিষিদ্ধ পলিথিনে সয়লাব হয়ে গেছে। ফলে উপজেলার কৃষি ও পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করেও পাওয়া যাচ্ছে না সুফল।

ছবি: ইত্তেফাক

জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে কর্তৃপক্ষকে ম্যানেজ করে উৎপাদন করা হচ্ছে নিষিদ্ধ পলিথিন। অতিরিক্ত পলিথিন উৎপাদন ও ব্যবহারের পাশাপাশি পলি চায়ের কাপ, পানি-জুস ও কফির ওয়ান টাইম গ্লাসের অবৈধ ব্যবহার বৃদ্ধি পাওয়ায় পরিবেশ দূষণ আরও অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। 

ছবি: ইত্তেফাক

হাজীগঞ্জের নদী-নালা, খাল-বিল, রাস্তা-ঘাট পুকুর এমন কি বাড়ির আশেপাশে পলিথিন যত্রতত্র পড়ে থাকায় কৃষি জমির ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে। বিভিন্ন স্থানে নালা ডোবা বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। যে হারে পলিথিনের ব্যবহার বাড়ছে তা এখনই বন্ধ করা না হলে আগামী কয়েক বছরের মধ্যে কৃষি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 

ছবি: ইত্তেফাক

হাজীগঞ্জ থানার ইউএনও মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, আমরা নিষিদ্ধ পলিথিনের বিষয়ে কোনো প্রকার ছাড় দিচ্ছি না। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি ও জরিমানা আদায় করা হচ্ছে। কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।