রাজশাহীতে সড়কে নিহত ৩ , আহত ১২

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অপর দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। বুধবার (২৮ ডিসেম্বর) রাজশাহী মহানগরী, জেলার মোহনপুর ও চারঘাট উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

মোহনপুর থানার ওসি সেলিম বাদশা জানান, সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের হাটরা এলাকায় অটোরিকশার যাত্রী নিয়ে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি বালুভর্তি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী আসাদুল ইসলাম (৩৮) নিহত হন। এ ঘটনায় আহত হন আরও চারজন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আসাদুল হাটরা গ্রামের তজের মণ্ডলের ছেলে। দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে।

চারঘাট থানার ওসি মাহবুবুল আলম জানান, বুধবার সকাল ৮টায় চারঘাটের বাদুড়িয়া বাদলের মোড়ে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক মাজদার রহমান (৫৫) ঘটনাস্থলেই এবং মোটরসাইকেল চালক সিয়াম আলীকে (১৮) হাসপাতালে নেওয়ার পর মারা যান। মাজদারের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার হেলালপুর গ্রামে। তার বাবার নাম মৃত নইমুদ্দিন। আর নিহত সিয়াম রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার বুলবুল আলীর ছেলে।

অন্যদিকে সকাল ৮টায় মাইক্রোবাস নগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদের দেয়ালে ধাক্কা লেগে উল্টে যায়। এতে মাইক্রোবাসের আটজন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। 

রামেক হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বরত কনস্টেবল হাসান মাহমুদ জানান, পাবনার আমিনপুর থেকে ৮ জন ব্যক্তি ভারতীয় ভিসার আবেদন জমা দিতে রাজশাহী আসেন। মাইক্রোবাস উল্টে তারা আহত হলে স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। অন্য ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন।