নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জলদস্যু সর্দার সৌরভ বাতাইন্নার দুই সহযোগীকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড। আটক জলদস্যুদেরকে সোমবার সকালে হাতিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটকরা হলো, আবুল কাসেম (৪৫) ও আতিকুল ইসলাম (৪০)।
আরও পড়ুন: সদরঘাটে লঞ্চের কেবিনে মিলল নারীর মৃতদেহ
কোস্টগার্ড জানায়, রবিবার রাতে তমরদ্দি বাজারের পাশে জলদস্যু সর্দার সৌরভ বাতাইন্না ও তার সহযোগীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে-এমন খবরে কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. মাহমুদ সাব্বির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যু সর্দার সৌরভ বাতাইন্না পালিয়ে গেলেও তার দুই সহযোগীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে
১টি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি মোবাইল সেট ও ১টি মোটর সাইকেল জব্দ করা হয়। তাদের বাড়ি হাতিয়া সোনাদিয়া ইউনিয়নে।
লে. মাহমুদ সাব্বির জানান, ইলিশের মৌসুম শুরু হওয়ার আগে জলদস্যুরা জেলেদের অপহরণ ও মুক্তিপণ আদায়ের চেষ্টা করছে। তাদের দমনে অভিযান অব্যাহত রয়েছে। আটক দুইজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআরএম