যুক্তরাষ্ট্রের টেক্সাসের অরেঞ্জ শহরে বাংলাদেশি আসিফ ইমরান (২৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। গত ২৪ ডিসেম্বর শনিবার রাত ৩টা ৩৩ মিনিটে টেক্সাসে নিজ বাসার কাছেই তাকে গুলি করা হয়। ২৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন টেক্সাসে অবস্থানরত ওই যুবকের খালু ফেরদৌস বারী।
নিহত আসিফ ইমরানের গ্রামের বাড়ি বগুড়া শহরের নারুলী কৃষি ফার্ম এলাকায়। তার বাবার নাম জাকির হোসেন নয়ন।
ফেরদৌস বারী জানান, আসিফ ইমরান ১১ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এরপর লেখাপড়া শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। শনিবার ভোররাত ৩টা ৩৩ মিনিটে আসিফ নিজেই তার গাড়ি চালিয়ে অরেঞ্জ শহরে বাসার কাছে পৌঁছলে একদল দুর্বৃত্ত তার গাড়ি লক্ষ করে উপর্যুপরি গুলি চালায়। এতে গাড়ির ভেতরেই গুলিবিদ্ধ হয়ে মারা যান আসিফ ইমরান।
ফেরদৌস বারী আরো জানান, আসিফ ইমরানের বিয়ের জন্য পারিবারিকভাবে মেয়ে দেখা হচ্ছিল। কী কারণে আসিফকে গুলি করে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানে না পরিবার।
দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর গাড়ির ভেতর ও বাইর থেকে ১৮টি গুলির খোসা পাওয়া যায় বলে তিনি জানান। আসিফ ইমরানের মরদেহ সেখানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হলে সেখানেই দাফন করা হবে জানান ফেরদৌস বারী।