বিশ্বের অন্যতম সেরা পুলিশ বাহিনী নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান খন্দকার আব্দুল্লাহ। তিনিই প্রথম বাংলাদেশি আমেরিকান, যিনি নিউইয়র্ক পুলিশের এমন উচ্চপদে আসীন হলেন। এর আগে ক্যাপ্টেন পদেও তিনি প্রথম বাংলাদেশি হিসাবে পদোন্নতি পেয়েছিলেন।
উল্লেখ্য, নিউইয়র্ক পুলিশ বিভাগে ডেপুটি ইন্সপেক্টর পদটি শীর্ষস্থানীয় পদ। এই পদে থেকে রাজনৈতিক বিবেচনায় পুলিশ কমিশনার হওয়ার যোগ্যতা রাখেন। ডেপুটি ইন্সপেক্টরের নিচের পদে পদোন্নতি পরীক্ষায় পাস করে যোগ্যতা অনুসারে হয়।
খন্দকার আব্দুল্লাহ বর্তমানে নিউইয়র্ক সিটির ৬৯ প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ২৩ ডিসেম্বর শুক্রবার এনওয়াইপিডি’র পুলিশ একাডেমিতে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে খন্দকার আব্দুল্লাহর হাতে সার্টিফিকেট তুলে দেন পুলিশ কমিশনার কিচেন্ট সিওয়েল।
সিলেটের বালাগঞ্জ থানার তালতলা গ্রামের প্রয়াত খন্দকার মদব্বির আলী ও মুহিবুন্নেসা চৌধুরীর ছেলে খন্দকার আব্দুল্লাহ ১৯৯৩ সালে বাবা-মায়ের সঙ্গে অভিবাসী হয়ে আমেরিকায় আসেন। ক্রিমিন্যাল জাস্টিসে স্নাতক শেষ করে ২০০৫ সালে যোগ দেন পুলিশ বাহিনীতে। কাজের স্বীকৃতি হিসেবে তিনি পুলিশের অনেকগুলো পদক লাভ করেছেন। পরিবার নিয়ে তিনি নিউইয়র্কের লং আইল্যান্ড এলাকায় বসবাস করছেন।
আরো বাংলাদেশির পদোন্নতি: নিউইয়র্ক পুলিশ বিভাগে আরো কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন পদে পদোন্নতি লাভ করেছেন। তাদের মধ্যে লেফটেন্যান্ট হিসাবে পদোন্নতি পেয়েছেন মনজুর এলাহী এবং সার্জেন্ট হিসাবে পদোন্নতি পেয়েছেন মেহেদী মামুন।
মনজুরে এলাহী ৯০ দশকের শুরুতে তার বাবা-মায়ের সাথে যুক্তরাষ্ট্রে আসেন। জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিস বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি।
লেফটেন্যান্ট পদোন্নতির আগে মনজুর এলাহী ম্যানহাটনের ২৫ প্রিসিঙ্কটে সার্জেন্ট হিসাবে এবং ব্রঙ্কসের ৪২ প্রিসিঙ্কটে অফিসার হিসাবে কাজ করেন। ১৪ বছরের সফল কর্মজীবনে তিনি পেট্রোল সার্ভিস ব্যুরো এবং কাউন্টার টেরোরিজম ব্যুরোসহ অনেক গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টে কাজ করেছেন।
মনজুর এলাহী বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) প্রাক্তন ট্রাস্টি এবং বর্তমানে তিনি এই সংগঠনের একজন সক্রিয় সদস্য।
সদ্য পদোন্নতিপ্রাপ্ত সার্জেন্ট মেহেদী মামুন যশোরের পদ্মবিলা নিবাসী রোকসানা বেগম এবং মো. রবিউল ইসলামের ছেলে। তিন ভাইবোনের মধ্যে পরিবারের বড় সন্তান তিনি। যশোর এম এম কলেজ থেকে স্নাতক ডিগ্রি শেষ করার পর ২০০৫ সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ২০০৬ সাল থেকেই কর্মরত আছেন নিউইয়র্ক পুলিশ বিভাগে। ২০১৩ সাল পর্যন্ত ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট হিসাবে কর্মরত থাকার পর নিয়মিত পুলিশ অফিসার হিসাবে যোগ দেন এনওয়াইপিডিতে। দায়িত্বে ছিলেন ৪৩ প্রিসিঙ্কটে এবং ২০১৭ সাল থেকে তিনি কাউন্টার টেররিজমে দায়িত্ব পালন করেন।
মেহেদী মামুন বর্তমানে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) কো-ট্রেজারার।
এছাড়াও গৌতম কে কুন্ডু, জিনাত ফাতেমা, এমডি এ রহমান অ্যাসোসিয়েট ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট (ট্রাফিক সুপারভাইজার) পদে পদোন্নতি পেয়েছেন।
বাপার প্রেসিডেন্ট কারাম চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিকী এবং সেক্রেটারি একেএম আলম প্রিন্স পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন ।