প্রচণ্ড ঠাণ্ডা ফুলবাড়ীতে, বাড়ছে রোগব্যাধি

দেশের উত্তরের জনপদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৌষের মাঝামাঝিতে ঠাণ্ডার প্রকোপ বেড়ে নাকাল অবস্থা জনজীবনে। চরম বিপদে পড়েছেন খেটে খাওয়া দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ।

রোববার (১ জানুয়ারি) সকাল ৯টার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ফুলবাড়ীতে ১২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রের্কড করেছে জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র। 

কয়েক দিন থেকে এ অঞ্চলে গভীর রাত থেকে বৃষ্টির মতো গুড়িগুড়ি কুয়াশা পড়ছে। মানুষের পাশাপাশি পশু-পাখিরাও কাহিল হয়ে পড়েছে হাঁড়-কাঁপানো শীতে। ফলে বিকালের পর থেকে আবারও বাড়ছে শীত। ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে ভুগছেন শিশু ও বয়স্করা।

এদিকে, হাঁড়-কাঁপানো ঠাণ্ডায় খড়-কুটো জ্বালিয়ে ঠাণ্ডা নিবারণের চেষ্টা করছে সাধারণ মানুষজন। 

উপজেলার চন্দ্রখানা গ্রামের কৃষক খলিলুর রহমান ও কুরুষাফেরুষা গ্রামের মন্টু চন্দ্র রায় জানান, প্রচণ্ড শীতের কারণে বোরো বীজতলা ও আলুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া জানান, সকাল ৯টার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে দেশের উত্তরের জনপথে মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।