ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আয়োজিত সমাবেশে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (২ জানুয়ারি) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে এই ঘটনা ঘটে। পরে জেলা ও মহানগর বিএনপি ও ছাত্রদলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মহানগর সভাপতি রনির সভাপতিত্বে সমাবেশে এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদসহ জেলা ও মহানগর ছাত্রদলের নেতারা। এ সময় বক্তারা সরকারবিরোধী আন্দোলনে ছাত্রদলের নেতা-কর্মীদের সামনে এগিয়ে আসার আহ্বান জানান।
হাতাহাতির বিষয়ে ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনি বলেন, এটা তুচ্ছ ঘটনা। মিটমাট করে দেওয়া হয়েছে। এর আগে সকাল থেকে নগরীর ত্রিশটি ওয়ার্ড ও জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে ছাত্র সমাবেশে অংশগ্রহণ করে।