ময়মনসিংহের গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি দোকান, ৫টি বাসা ও কসমেটিকস মালামাল রাখার একটি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনের ভয়াবহতা দেখে হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক ব্যবসায়ী মারা যান।মৃত আবুল হোসেন (৬২) খান জেনারেল স্টোরের মালিক।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে গফরগাঁও মধ্যবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে দোকানিরা।
পুড়ে যাওয়া দোকান, গোডাউন ও বাসাগুলো হলো, লিটন রায়ের স্বর্নালী জুয়েলার্স, বাদল রায়ের রায় জুয়েলার্স, সুশীল রায়ের মনিন্দ্র জুয়েলার্স, অপু রায়ের চমক জুয়েলার্স, নয়ন মিয়ার আশরাফ শিল্পালয়, হরিপদ রায়ের বিজয় কসমেটিকস, কসমেটিকস মালমাল রাখার একটি গোডাউন, রিটন রায়,বাদল রায়, বিজয় রায়, আশরাফ, শাহাবুদ্দিনের বাসা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ি হরিপদ রায় (৭২) জানায়, নয়ন মিয়ার আশরাফ শিল্পালয় থেকে আগুনের সূত্রপাত হয়। তিনি কাঁদতে কাঁদতে বলেন, তার কসমেটিকসের দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাম প্রসাদ পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলের সবগুলো দোকান টিনের ঘর। এগুলো একটার সঙ্গে আরেকটা লেগে থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড় ঘণ্টায় চেষ্টায় সন্ধ্যা সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।