দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। কয়েকদিন হলো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা তিনি। সেই ক্রান্তিকালের মধ্যেই স্কুলে স্কুলে ছুঁটতে দেখা গেলো এই নায়িকাকে। আজ বুধবার রাজধানীর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে সকাল সাড়ে ৭টায় উপস্থিত হন পরী। এ সময় তারা ছাত্র-ছাত্রীদের মধ্যে কলম ও ক্লাস রুটিন বিতরণ করেন। এর সঙ্গে টিফিন ও পেন বক্সও ছিল।
মূলত আবু রায়হান জুয়েলের পরিচালনায় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পাচ্ছে আগামী ২০ জানুয়ারি। তার অভিনীত এই সিনেমার প্রচারণায় নেমেছেন পরী।
সিনেমার প্রচারে গিয়ে পরীমণির বলেন, ‘আমাদের এই সিনেমা তোমাদের (ছাত্র-ছাত্রী) জন্য। একথা জানাতেই আজ তোমাদের স্কুল এসেছি। আশা করি, তোমরা সবাই হলে গিয়ে আমাদের এ সিনেমাটি দেখবে। তোমাদের অনেক ভালো লাগবে।’
খ্যাতিমান লেখক ও শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি। এতে সিয়াম আহমেদ-পরীমণি ছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশিষ খন্দকার, আবু হুরায়রা তানভীরসহ অনেকে।
পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, ‘আমাদের এ সিনেমাটা মূলদর্শক বাচ্চারা। তাই সিনেমার প্রচারের অংশ হিসেবে আজ বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে এসেছি। সামনে আরও কিছু স্কুলে যাওয়াও ইচ্ছে আছে। বাচ্চাদের সঙ্গে কথা বলব সিনেমাটি নিয়ে। তাদের দেখার আমন্ত্রণ জানাবো।’
এই সিনেমার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো একসঙ্গে জুটি হয়েছেন পরীমনি ও সিয়াম আহমেদ। এর আগে তারা কাজ করেছেন ‘বিশ্বসুন্দরী’ সিনেমায়। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ২০১৮-২০১৯ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হয়েছে। এরই মধ্যে সিনেমাটির গান, পোস্টার উন্মোচন ও ট্রেইলার প্রকাশ হয়েছে।