আইজিপি ব্যাজ পেলেন ৪৫৮ পুলিশ সদস্য

পুলিশের ৪৫৮ জন কর্মকর্তা ও সদস্যকে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ পরানো হয়েছে।

পুলিশ সপ্তাহের তৃতীয় দিন বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে তাদের এই ব্যাজ পরিয়ে দেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, বাহিনীর মর্যাদা বেড়েছে এমন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এ পদক দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দিচ্ছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মাঠপর্যায়ে যাচাই-বাছাই করে কর্মক্ষেত্রে দক্ষতা, সঠিকভাবে দায়িত্ব পালনসহ বিভিন্ন ভালো কাজে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তাদের তালিকা তৈরি করা হয়। আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদানের ভিত্তিতে পদকের জন্য যোগ্য কর্মকর্তা ও সদস্যদের নির্বাচিত করা হয়।

আইজিপি ব্যাজ অর্জন প্রসঙ্গে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করাই আমাদের কর্তব্য। বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে দেশসেবার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছি। এর মাঝে কাজের স্বীকৃতি পেলে ভালো লাগে, উৎসাহিত হই।