শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো: নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।

বৃস্পতিবার (৫ জানুয়ারি) সকালে সদরপুর উপজেলা চত্বরে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নিক্সন চৌধুরী বলেন, যোগ্য শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর। তাই শিক্ষক নিয়োগে কোনো অনিয়ম করা যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক নিয়োগ হলে দেশে যোগ্য নাগরিক তৈরি হবে। একজন যোগ্য শিক্ষক কুঁড়েঘর থেকেও ছাত্রদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন।

তিনি আরও বলেন, পূর্বের সরকারগুলোর আমলে ভাঙা টিনের ঘরে পাঠদান হতো। বর্তমান সরকারের আমলে প্রতিটি বিদ্যালয়ে ৪ তলা ভবন হয়েছ। সবাইকে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার আন্দোলনে যোগ দিতে আহ্বান জানান তিনি।

সদরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহম্মেদ জামসেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক রহিমা খাতুন, আব্দুর রসিদ খান, শিক্ষক জহিরউদ্দিন আহম্মেদ খসরু, শামসুদ্দিন মাতুব্বর প্রমুখ। অনুষ্ঠানে নারী শিক্ষার উন্নয়নে বেগম রোকেয়া পদকপ্রাপ্ত রহিমা খাতুনকে সমিতির পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।