টাঙ্গাইলের ভূঞাপুরে অটোভ্যানের সঙ্গে তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে ভুঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের বাগবাড়ি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বিলচাপড়া গ্রামের কাপড় ব্যবসায়ী শহিদুলের স্ত্রী পারুল বেগম (৩৫) ও তার মেয়ে ছোঁয়া মনি (৩)।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, নিহত পারুল বেগম তার কন্যাশিশুকে নিয়ে গ্রামের বাড়ি বিলচাপড়া যাচ্ছিলেন। পথে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের বাগবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সাথে তাদের বহনকারী ভ্যানগাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।